বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: ডব্লিউএইচও
📷 ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। বিপরীতে ভারতের নাগরিকদের গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানের নাগরিকদের ৬৮ দশমিক ২ বছর।
তবে পশ্চিমা উন্নত দেশগুলোর মানুষের গড় আয়ু আরও বেশি। যুক্তরাষ্ট্রে গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
ডব্লিউএইচও জানিয়েছে, বেশি বছর বাঁচার অর্থ এই নয় যে মানুষ পুরো সময় সুস্থভাবে জীবনযাপন করছে। রোগমুক্ত বা সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকার হার এখনো মোট গড় আয়ুর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি নতুন এই তথ্য প্রকাশ করে।
করোনা মহামারি শুরুর আগে বৈশ্বিক গড় আয়ু যে পর্যায়ে ছিল, ২০২৩ সালে তা প্রায় সেই অবস্থায় ফিরে এসেছে। ২০১৯ সালে বিশ্বে গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর। তবে ওই বছরের শেষ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিশ্বজুড়ে মহামারির প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে। এরপর ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু ৭৩ দশমিক ৩ বছরে পৌঁছায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, “জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে সামনের দিনে মূল চ্যালেঞ্জ হলো মানুষ যেন শুধু দীর্ঘায়ু না পায়, বরং রোগমুক্ত ও সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।”