রায়গঞ্জে পুকুরে মিলল যুবকের লাশ, ময়নাতদন্তে মৃত্যুর কারণ অনুসন্ধান
📷 ছবি: সংগৃহীত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাত ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। সকালে বাড়ির পাশের পুকুরে রতনের মরদেহ ভাসতে দেখে তার মা চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা রহিম বক্স জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মাতলামি করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্যদের মারধর করতেন। এ বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে রতনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভাতাহাড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।