সারাদেশ

দারুল আরকাম শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগের আশ্বাস

দারুল আরকাম শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগের আশ্বাস
📷 ছবি: সংগৃহীত
দারুল আরকাম শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগের আশ্বাস

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে পরিচালিত দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দীর্ঘদিন বেতন-ভাতা বন্ধ থাকায় তারা আর্থিক ও সামাজিকভাবে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা সমাধানে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা’ শীর্ষক এ সভায় দারুল আরকাম শিক্ষকদের বিভিন্ন সমস্যা, দাবি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মুফতি মুহিব্বুল্লাহিল বাকী বলেন, শিক্ষকদের যথাযথ সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আদর্শ নাগরিক গড়ে তোলার শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হুদা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সিনিয়র সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বোর্ড সদস্য মুফতি আজাহারুল ইসলাম ও মুফতি শরীফ উল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ইফার পরিচালক মো. মহিউদ্দিন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নাল আবেদীন, প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি।

মতবিনিময় সভায় দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল ও উপবৃত্তির ব্যবস্থা, মাদরাসাগুলোকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উন্নীত করা, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও সহায়ক কর্মী নিয়োগ এবং শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের বেতন-ভাতা নিয়মিত মাসিক ভিত্তিতে পরিশোধ করা।

এ ছাড়া ২০২০ সাল থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে প্রতিটি মাদরাসায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনবলের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।

সভায় বক্তারা দারুল আরকাম মাদরাসার শিক্ষা কার্যক্রমকে আরও সুসংহত করা এবং শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দারুল আরকাম মাদরাসার শিক্ষক-কর্মীদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির বিষয়ে মহাপরিচালকের দেওয়া আশ্বাস বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের উদ্যোগ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।