রাজনীতি

দোহার-নবাবগঞ্জে আগাম নির্বাচনী তৎপরতা

দোহার-নবাবগঞ্জে আগাম নির্বাচনী তৎপরতা
📷 ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে ঢাকার দোহার ও নবাবগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও চলছে নানা আলোচনা।
দোহার ও নবাবগঞ্জের উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রচারণা চালাচ্ছেন। তারা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বিভিন্ন এলাকায় টাঙানো ব্যানার ও ফেস্টুনে অধিকাংশ সম্ভাব্য প্রার্থী ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের ছবি ব্যবহার করছেন। কিন্তু কিছুদিন আগে তাঁর ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও পোস্টার না করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে। এরপরও বিভিন্ন এলাকায় তাঁর ছবিসম্বলিত প্রচারসামগ্রী দেখা যাচ্ছে।
এ বিষয়ে দোহার উপজেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “দোহার-নবাবগঞ্জে মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ভাইয়ের নির্দেশ ছিল- তাঁর ছবি ব্যবহার করে কোনো চেয়ারম্যান প্রার্থী ব্যানার, ফেস্টুন বা পোস্টার তৈরি করতে পারবেন না। কিন্তু কে শোনে কার কথা!”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। কে কোন আসনে প্রার্থী হতে পারেন, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়ে আগ্রহও বেশি দেখা যাচ্ছে।
অন্যদিকে, অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা তুলনামূলকভাবে কম। অনেক এলাকায় তাদের দৃশ্যমান প্রচারণা তেমন চোখে পড়ছে না। ফলে বর্তমানে দোহার-নবাবগঞ্জের রাজনৈতিক মাঠে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিই বেশি দৃশ্যমান।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের তফশিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের তৎপরতা মূলত নিজেদের অবস্থান জানান দেওয়া এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ।
নির্বাচনের সময়সূচি ও দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে রাজনৈতিক মাঠের চিত্র আরও স্পষ্ট হবে। এদিকে, সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে দলীয় মনোনয়ন ও নির্বাচনি তফশিল ঘোষণার জন্য।
নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। তবে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় এরই মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।