নওগাঁয় অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে পাঠালেন বাবা:
নওগাঁর পোরশায় মাদক সেবন ও পরিবারের সদস্যদের ওপর নিয়মিত অত্যাচারের অভিযোগে কাওছার হাবিব (২৫) নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন তার বাবা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পোরশা উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাওছার হাবিবের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে পরিবারটি অতিষ্ঠ হয়ে পড়েছিল। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে বাবা নিজেই ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
নওগাঁয় অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে পাঠালেন বাবা:
📷 ছবি: সংগৃহীত