বাংলাদেশ

নোয়াখালীতে চুলার এসএস পাইপে লুকিয়ে ইয়াবা পাচার, ৬ হাজার পিস-সহ গ্রেপ্তার ১,

নোয়াখালীতে চুলার এসএস পাইপে লুকিয়ে ইয়াবা পাচার,  ৬ হাজার পিস-সহ গ্রেপ্তার ১,
📷 ছবি: সংগৃহীত
নোয়াখালীতে চুলার এসএস পাইপে লুকিয়ে ইয়াবা পাচার, ৬ হাজার পিস-সহ গ্রেপ্তার ১,

মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালীর সেনবাগে অভিনব কায়দায় স্টেইনলেস স্টিলের চুলার পাইপের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ আমিন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিন হোসেন নোয়াখালীর সুধারাম থানার বারাহিপুর এলাকার বাসিন্দা। ডিএনসির দাবি, তিনি কক্সবাজারভিত্তিক একটি মাদক পাচারকারী চক্রের মূল হোতা।

ডিএনসি সূত্রে জানা যায়, কক্সবাজারভিত্তিক একটি চক্র অভিনব কৌশলে গ্যাসের চুলার স্টেইনলেস স্টিলের পাইপের ভেতরে ইয়াবা লুকিয়ে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী, এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালী এবং এসআরবি-৭ সিপিসি-১ ফেনীর সদস্যরা তথ্য সংগ্রহ ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সেবারহাট পূর্ব বাজার এলাকায় মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘বাঁধন পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে আমিন হোসেনকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের মালামাল বহনকারী বক্সের ভেতর থেকে স্টেইনলেস স্টিলের তৈরি একটি চুলা উদ্ধার করা হয়। স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারীর সহায়তায় চুলাটির পাইপ পরীক্ষা করে দেখা যায়, পাইপের ভেতরে বিশেষ কৌশলে ঝালাই করে রাখা হয়েছে ইয়াবা। সেখান থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিক অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক পাচার প্রতিরোধে ডিএনসি নোয়াখালী এবং সংশ্লিষ্ট টিমগুলোর অভিযান অব্যাহত থাকবে।