সারাদেশ

সেনবাগে চিলাদী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,০৪২ শিক্ষার্থী

সেনবাগে চিলাদী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,০৪২ শিক্ষার্থী

মোহাম্মদ উল্যা

বিশেষ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে চিলাদী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর (শুক্রবার) আয়োজিত এ পরীক্ষায় নোয়াখালীসহ ছয়টি উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের সভাপতি আবদুল খালেক মাস্টার, সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক সাহাদাত হোসেন তালুকদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

আয়োজকেরা মনে করেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রেখে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।