বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় অতিরিক্ত জেলা প্রশাসকের পরিদর্শন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সম্মানিত সভাপতি ও নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
তাঁর আগমনে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পরিষদ ও শিক্ষার্থীরা আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর মতো একজন দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব কর্মকর্তার সঙ্গে প্রতিষ্ঠানের সম্পৃক্ততাকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন এবং বসুরহাট পৌরসভার ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস।
মাওলানা মোশারফ হোসাইন তাঁর বক্তব্যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা সমাজ ও দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
আব্দুল কুদ্দুস শিক্ষার্থীদের সময়ের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনকে সুশৃঙ্খল ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে জিনাত রেহানা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এজন্য তিনি পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তির দায়িত্বশীল ও প্রয়োজনভিত্তিক ব্যবহারের পরামর্শ দেন। প্রযুক্তিকে শিক্ষার সহায়ক শক্তি হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের সময়ের মূল্য উপলব্ধি করে জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জিনাত রেহানার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মজীবনের সফলতা ও উত্তরোত্তর পদোন্নতি কামনা করা হয়। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসায় অতিরিক্ত জেলা প্রশাসকের পরিদর্শন
📷 ছবি: সংগৃহীত