শিক্ষা

পুঠিয়ায় বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ, শিক্ষকদের কার্যালয়ে তালা

পুঠিয়ায় বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ, শিক্ষকদের কার্যালয়ে তালা
📷 ছবি: সংগৃহীত
পুঠিয়ায় বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ, শিক্ষকদের কার্যালয়ে তালা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় ভালুকগাছি মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণের পাশাপাশি শিক্ষকদের কার্যালয়ে তালা দিয়েছেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য আজাদ আলী। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন তিনি। পুত্রবধূকে চাকরি দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জেরে তিনি এসব করেছেন বলে জানা গেছে।

আজাদ আলীর দাবি, প্রতিষ্ঠানে একটি টেকনিক্যাল কলেজ করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। পাশাপাশি তার ছেলে ও পুত্রবধূকেও চাকরি দেওয়া হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে তার বিরোধ চলছে।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা জানান, আজাদ আলীর পুত্রবধূকে প্রথমে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক এবং পরে মাধ্যমিক শাখায় কেরানি পদে চাকরি দেওয়ার বিষয়ে ম্যানেজিং কমিটির রেজুলেশন রয়েছে।

প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন নিয়েও আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

এদিকে, বিষয়টি অবগত হওয়ার কথা জানিয়েছেন পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত চালুর ব্যবস্থা করা হবে। শিক্ষার্থী থাকা অবস্থায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা যাবে না বলেও জানান তিনি।