৩০টির বেশি ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
📷 ছবি: সংগৃহীত
দেশের ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত সচল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ৩০টির বেশি ব্যাংকের বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।
গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত পুনরায় চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিপিএস বা BACPS), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন বা BEFTN) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস বা RTGS)-সহ অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সেবাগুলো পুরোপুরি কখন সচল হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।