জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বিশেষ প্রতিনিধি:
জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
লিখিত বক্তব্যে অভিযোগকারী মোসাঃ সোহাগী বেগমের পক্ষে তাঁর বড় ভাই মোঃ মোতাহার হোসেন জানান, তাঁদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে একাধিক মামলা ও আইনি প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও বিবাদীরা আইন অমান্য করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় যে, এলাকার মোঃ খলিলুর রহমান, মোঃ এরশাদ হাবিব সুমন, মোঃ বিল্লাল হোসেন এবং মোঃ লিটন মিয়াসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে জোরপূর্বক তাঁদের জমি দখল, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এবং নানাভাবে ক্ষয়ক্ষতি করে আসছেন।
অভিযোগে আরও জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রতিপক্ষরা ড্রেজার পাইপ বসিয়ে অসৎ উদ্দেশ্যে জমি দখলের উদ্দেশ্যে ড্রেজার দিয়ে বালু তোলার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ড্রেজারটি সেখান থেকে সরিয়ে নেওয়া হলেও বিবাদীরা পরিবারটিকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. ভুক্তভোগী পরিবার ও তাঁদের পৈতৃক জমির নিরাপত্তা নিশ্চিত করা।
২. সরকারি নিয়ম-নীতি লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।
৩. পরিবারটিকে দেওয়া হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা।
৪. প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে মোসাঃ সোহাগী বেগমের পক্ষে মোঃ মোতাহার হোসেন গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে তাঁরা সঠিক বিচার এবং নিরাপত্তার সাথে বসবাস করার আইনি অধিকার পান।
জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
📷 ছবি: সংগৃহীত