সেনবাগে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড, জরিমানা
মোহাম্মদ উল্যা,
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগে ইয়াবা সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করার পর এ দণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে খুরশিদ আলমের বসতঘরে খাটের ওপর বসে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের হাতেনাতে আটক করে। এ সময় মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আবদুল মন্নান দফাদার বাড়ির আবদুল হনি মিয়ার ছেলে খুরশিদ আলম (৪২) এবং একই গ্রামের একরাম আলী ব্যাপারী বাড়ির আবদুল গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের এ ধরনের অভিযান জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।