‘সৎ ও আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য’—ফুলছড়িতে বুড়াইল মডেল কলেজে নবীন বরণ
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলা এবং পড়াশোনার ইতিবাচক পরিবেশ সম্পর্কে ধারণা দিতে এই আয়োজনের করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের সৎ, সুশৃঙ্খল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চাই শিক্ষার্থীদের সফলতার প্রকৃত সোপান বলে তিনি উল্লেখ করেন।
প্রভাষক আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক রায়হাতুল এমরান প্লাবন, প্রভাষক আবু সুফিয়ান এবং গোলাম কিবরিয়া।
আলোচনায় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মুখর করা, সময়ের সর্বোত্তম ব্যবহার, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষার্থী সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন। তারা নতুন শিক্ষাবর্ষে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে।
ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সৎ ও আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য’—ফুলছড়িতে বুড়াইল মডেল কলেজে নবীন বরণ
📷 ছবি: সংগৃহীত