সারাদেশ

কোম্পানীগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১

কোম্পানীগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১
📷 ছবি: সংগৃহীত
কোম্পানীগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১

স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ না করতে হুমকি

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে একই রাতে পৃথক দুটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছান উল্যার বাড়িতে ৩-৪ জনের একটি দল দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আহছান উল্যাকে আঘাত করে আহত করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।

আহত আহছান উল্যার স্ত্রী জানান, ডাকাত দলের এক সদস্য তার স্বামীর গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। পরে তিনি স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে ডাকাতদের যা নেওয়ার নিয়ে যেতে বলেন। এ সময় তার গলায় থাকা চেইন, কানের দুল এবং ঘরে থাকা আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর প্রায় এক কিলোমিটার দূরে একই রাতে মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুর ইসলাম ভূঁঞার বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাত আনুমানিক ৩টার দিকে চারজনের একটি দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতরা এক গৃহবধূর গলায় ছুরি ধরে আলমারির চাবি দিতে বলে। চাবি দিতে দেরি হওয়ায় তারা আলমারি ভেঙে আনুমানিক এক ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া শিশুর প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখা আনুমানিক ৪-৫ হাজার টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, ডাকাতরা যাওয়ার সময় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে শিশুকে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণ করা হবে বলে হুমকি দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।