গল্লামারি-বটিয়াঘাটা সড়ক দখলে জনদুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনার অন্যতম ব্যস্ততম সড়ক গল্লামারি থেকে বটিয়াঘাটা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও সড়কের জায়গা ব্যবহারের অভিযোগে সংকুচিত হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোহাম্মদনগর হয়ে বটিয়াঘাটার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী সরকারি সড়কের জায়গা দখল করে স্টিলের ফার্নিচার, খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন। দিন দিন এসব স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন সংস্থার আওতাধীন জায়গার কিছু অংশও দীর্ঘদিন ধরে দখলে রয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশের জায়গা পণ্য, আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী রাখার কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে পথচারী ও যানবাহনকে বাধ্য হয়ে মূল সড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
গল্লামারি-মোহাম্মদনগর-বটিয়াঘাটা সড়কটি খুলনা শহরের সঙ্গে বটিয়াঘাটা ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ পথে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। বিভিন্ন রোগী নিয়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনও চলাচল করে। কিন্তু সড়কের বিভিন্ন অংশ দখল ও ব্যবসায়িক কাজে ব্যবহারের কারণে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, দখলমুক্ত করার কথা বললে কিছু প্রভাবশালী মহলের চাপ ও ভয়ভীতির কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকরভাবে সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাদের।
সরেজমিনে সড়কের বিভিন্ন অংশে দেখা যায়, রাস্তার দুই পাশে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মালামাল রাখায় অনেক জায়গায় চলাচলের জায়গা সংকুচিত হয়েছে। এতে একদিকে যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে পথচারীদেরও ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি জায়গা দখলের অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত চিত্র বের করার দাবি জানিয়েছেন তারা।
জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও সরকারি জমির সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত তদারকির দাবি উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রশাসনের কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগী সাধারণ মানুষ।
গল্লামারি-বটিয়াঘাটা সড়ক দখলে জনদুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
📷 ছবি: সংগৃহীত