সেনবাগ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী আয়োজন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায়ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ১৫ জন এবং প্রাথমিক পর্যায়ের ২০ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয় ৫৪ জনকে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে খাতা, কলম, জ্যামিতি বক্স, আর্ট সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও সুনামধন্য শিক্ষকরা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন।
উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি খন্দকার নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিক্ষাবিদ এম.এ. আজিম চৌধুরী, সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী, সেনবাগ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও মগুয়া এম.এ. আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আবু ইউসুফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।
বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, সুন্দরভাবে লেখার অভ্যাস, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব সেনবাগের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সেনবাগ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী আয়োজন
📷 ছবি: সংগৃহীত