সারাদেশ

লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
📷 ছবি: সংগৃহীত
লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আব্দুল আউয়াল (২৫) নামে এক যুবককে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে এসি খুলনা জোন মো. শফিকুল ইসলামের নেতৃত্বে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার আব্দুল আউয়ালকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটানা আশিবিঘা আল আকসা মসজিদ গলিতে অভিযান চালানো হয়।

এ সময় কথিত শীর্ষ সন্ত্রাসী শুটার ইসরাফিলের বাড়ির একটি পরিত্যক্ত দোচালা টিনের খড়ির ঘরে কাঠের গুঁড়ার বস্তার নিচ থেকে আব্দুল আউয়ালের দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, আব্দুল আউয়াল লবণচরা থানার ২০ আগস্টের ৩০২/৩৪ ধারার মামলায় গ্রেপ্তার আসামি। ওই মামলায় গ্রেপ্তার অপর এক আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আব্দুল আউয়ালের নাম উল্লেখ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ২৩ সেপ্টেম্বর আব্দুল আউয়ালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অস্ত্রের বিষয়ে তথ্য দেয় বলে পুলিশের দাবি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।