স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের অধীনে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে এ ইউনিট গঠনের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদও সৃষ্টি করা হবে।
রাজধানীতে শনিবার পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। তার জন্য পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট যদি ক্রিয়েটেড থাকে তাহলে আমরা ক্রিয়েট করব।’
তিনি বলেন, ‘পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সাথে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে- এমন কার্যক্রমের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন ইউনিটের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলাপর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘সেটা প্রকল্প প্রণয়নের জন্য আমি গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে।’
সাইবার অপরাধের ধরন তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যামভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’
পুলিশে সাইবার নিরাপত্তায় নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
📷 ছবি: সংগৃহীত