বোদায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তরুণ ও যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত থাকার আহ্বান
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সাতখামার যুব ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সাতখামার এলাকায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, খেলাধুলা তরুণ ও যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সমাজের নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক এবং অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এসবের কারণে একজন তরুণের স্বাভাবিক জীবন, পরিবার ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। সমাজকে সুন্দর রাখতে হলে যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।
সাতখামার যুব ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বোদা উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুম ইসলাম, সাধারণ সম্পাদক আতোয়ার হোসেনসহ স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাতখামার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল থেকেই মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘদিন পর স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হওয়ায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, তরুণ ও যুব সমাজকে মাঠমুখী করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলাধুলায় নিয়ম-শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
বোদায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তরুণ ও যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত থাকার আহ্বান
📷 ছবি: সংগৃহীত