গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পারিবারিক কবরস্থান ভেঙে অবৈধ রাস্তা নির্মাণের অভিযোগ
আঃ রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার,
গাইবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) অমান্য করে নকশা/ম্যাপের রাস্তা বাদ দিয়ে পারিবারিক জায়গায় কবরস্থান ভেঙে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুবিচার ও কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগের বিবরণ:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের বাসিন্দা মো: হাবিবুর রহমান হাবীব (৫৪) (পিতা: মো: জহিজুল হক সরদার) অভিযোগ করে জানান, চকমামরোজপুর এলাকায় তাদের পৈতৃক ও মালিকানাধীন নালিশি জমির ওপর বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালত, গাইবান্ধায় মামলা (নং ৪/১৩ অন্য) চলমান রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে স্থিতাবস্থা (Status quo) বজায় রাখার আদেশ প্রদান করেন।
অভিযোগে বলা হয়, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের আওতায় "দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)" প্রকল্পের আওতায় নালিশি জমিতে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে।
হুমকি ও ভয়ভীতির অভিযোগ
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, তিনি ও তাঁর পরিবারের লোকজন বেআইনি কাজে বাধা দিলে তা তোয়াক্কা না করে কাজ অব্যাহত রাখা হয়। এছাড়া অভিযোগপত্রে ৯নং খোলাহাটী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার/সং সংরক্ষিত প্রতিনিধি মোছাঃ জাহানারা বেগম ও তাঁর লোকজনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারকে খুন-জখমের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িতে ইট-পাটকেল/ ঢিল ছোড়ার অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলন ও স্মারকলিপি:
বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাবিবুর রহমান এই বেআইনি কর্মকাণ্ড বন্ধে এবং পারিবারিক কবরস্থান রক্ষায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর বিষয়টি তদন্তপূর্বক অবৈধ রাস্তা নির্মাণ বন্ধের জন্য লিখিত আবেদন জমা দেন।