দোহারে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখলেন এমপি খন্দকার আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দোহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।
বুধবার (২১ অক্টোবর, ২০২৬) দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা ঠাকুরবাড়ি দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সংসদ সদস্য, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সবাই যেন নির্বিঘ্নে, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।
মেঘুলা ঠাকুরবাড়ি মন্দির পরিদর্শনের পর খন্দকার আবু আশফাক উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এর মধ্যে রয়েছে বেথুয়া সার্বজনীন দুর্গামন্দির, গোড়াবণ ঢালীবাড়ি দুর্গামন্দির, মুকসুদপুর সার্বজনীন দুর্গামন্দির, নারিশা দুর্গামন্দির, মেঘুলা দাসপাড়া দুর্গামন্দির, মালিকান্দা দুর্গামন্দির, লটাখোলা বিলের পার সার্বজনীন দুর্গামন্দির ও রাইপাড়া মিস্ত্রিপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ আরও কয়েকটি পূজামণ্ডপ।
পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজার আয়োজক, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহসভাপতি মনিরুল আলম জীবন বেপারী, সহসভাপতি মো. হান্নান বেপারী, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন মোল্লাসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।