সারাদেশ

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে একজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে একজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে একজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্রিগেড (এসআরবি)।
সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঘটনার রাতে চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে সড়কে পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় হত্যাকান্ডের তিনদিন পর। মামলা বিএনপি নেতা সহ ২১ জনের নাম উল্লেখ করে ও আরো ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে জানায় এসআরবি।
এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার সকালে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার কবির হোসেনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।