সারাদেশ

কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা

বাবুল আক্তার, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বাল্যবিবাহ গোপনে সম্পন্ন করার ঘটনায় মেয়েটির অভিভাবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ২৪ অক্টোবর ২০২৬ রাতে কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে বলে জানতে পারে প্রশাসন। খবর পেয়ে বাল্যবিবাহটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, গোপনে মেয়েটির বিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে মেয়েটির অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইভাবে উপজেলার বাকুলিয়া গ্রামেও একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাল্যবিবাহ শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা এবং সুস্থভাবে বেড়ে ওঠার পথে বড় বাধা। অল্প বয়সে বিয়ের কারণে শিশুদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশও ঝুঁকির মুখে পড়ে।

বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের শৈশব, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।