ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবনের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা মো. আবু তালেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডাক্তার নুরুল ইসলাম,,তবিবুর রহমান মিনি, ইলিয়াস রহমান মিঠুসহ জেলা, সদর উপজেলা, কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ এলাকার জনসাধারণ জানাজায় অংশ নেন।
ইসরাইল হোসেন জীবনের রাজনৈতিক পথচলা শুরু হয় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। পরবর্তীতে ১৯৯২-৯৩ সালে এমইউ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। এরপর দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন প্রায় চার-পাঁচ বছর। এরপর কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
রাজনৈতিক সহকর্মী ও পরিচিতজনদের কাছে ইসরাইল হোসেন জীবন ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিশেষ কাজে তিনি ঢাকায় যান এবং সেখানে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। অবস্থানকালে রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে কালীগঞ্জসহ ঝিনাইদহের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপি নেতা ইসরাইল হোসেন জিবন এর জানাযায় অনুষ্ঠিত।