সারাদেশ

রংপুরে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

রংপুরে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

মাল্টিমিডিয়া রিপোর্টার, রংপুর:

রংপুর মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও যানজট নিরসনে অবৈধ এবং অননুমোদিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (২৮ অক্টোবর) নগরীর সেনপাড়া মোড় ও আশপাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। সেনপাড়া মোড়ে কালেক্টর স্কুলের পাশের সড়কে অটোরিকশা থামিয়ে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন পুলিশ সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা ও ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এসব সমস্যা নিরসন এবং নগরীর সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন অটোরিকশা শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীর অনেকেই। তাদের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান জরুরি।

তবে অটোরিকশা চালকদের কেউ কেউ তাদের জীবিকা ও বিকল্প কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং জনদুর্ভোগ নিরসনে অবৈধ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।