সারাদেশ

নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ
📷 ছবি: সংগৃহীত


মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের ২১তম আবর্তনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সেনবাগ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক।

প্রধান আলোচক ছিলেন নোবিপ্রবির জিন প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী, নোবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আইয়ুব মিয়া এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম আকাশের সভাপতিত্বে এবং মো. রবিউল হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সিফাত।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার ও সংগঠনের উপদেষ্টা মো. আকরাম উল্লাহ এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. আবদুর রহমান শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে নোবিপ্রবির আইন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, সমাজকর্ম, ইসলামিক স্টাডিজ, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন মো. ইয়াসিন আরাফাত, সায়মা আক্তার মেঘা, ফাতেমা আক্তার, সিদরাতুল মুনতাহা, মো. ইমরান হোসেন, ইমরাত জাহান তিশা, রেজায়ান নওরিন শাওন, ইব্রাহিম খলিল, জান্নাতুল নাঈম প্রমি, তাসমিয়া বিনতে নূর, নাজিম উদ্দিন ও ফাদেল হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য তাঁরা নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের এমন সাফল্য সেনবাগের অন্যান্য শিক্ষার্থীকেও উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।