সারাদেশ

ফুলছড়ির কঞ্চিপাড়ায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিলন মিয়া

ফুলছড়ির কঞ্চিপাড়ায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিলন মিয়া


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১ নম্বর কঞ্চিপাড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিলন মিয়া।

সোমবার সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের আয়োজক ও মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা উদ্‌যাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্‌যাপনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে মোঃ মিলন মিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে আমরা সবার পাশে থাকতে চাই। সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করার আশ্বাস দেন।

এ ছাড়া পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধক কাজে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানান মিলন মিয়া।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।