রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। এর আগেই আসনটির সব ১৮৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়। নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
পুলিশের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৭০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৩টি ঝুঁকিপূর্ণ। রুহিয়া এলাকার ৩৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে, ভূল্লী এলাকার ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৫টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৪টি ঝুঁকিপূর্ণ।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ