শিক্ষা

সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইবি শিবিরের বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইবি শিবিরের বিক্ষোভ
📷 ছবি: সংগৃহীত
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইবি শিবিরের বিক্ষোভ

ওসমান গণি, ইবি প্রতিনিধি :
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকশনে যোগ্যদের বাতিলের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবির। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলামের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তাদের, 'নিয়োগ নিয়ে বাণিজ্য, মানি না মানবো না', 'সিন্ডিকেট এর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'জুলাইয়ের বাংলায়, বৈষম্যের ঠাই নাই', 'জুলাইয়ের অঙ্গিকার, চাকরি পাবে মেধা যার', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই', 'প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, নিয়োগ বানিজ্যর মাস্টার প্ল্যান', 'কৃষি কার্ড ফ্যামিলি কার্ড, মেধার জন্য কোন কার্ড-সহ' নানা স্লোগান দিতে দেখা যায়।

শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, "বর্তমান সরকার শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের হয়রানি শুরু করছে। ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ না দিয়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করে মেধাবীদের নিয়োগ প্রক্রিয়া বেগবান করতে হবে।

তিনি আরও বলেন, "বর্তমান সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের দিকে ফিরে যেতে চাচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ ও ভাইভায় নম্বর বৃদ্ধির মাধ্যমে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা এটা কখনো মেনে নেবে না। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।"

ওসমান গণি
ইবি প্রতিনিধি