সারাদেশ

সোনারগাঁও গার্মেন্টস নারী কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁও গার্মেন্টস নারী কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারজিয়া (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। তাঁর স্বামী আশরাফুল (২১) নেত্রকোনা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারজিয়া তার স্বামী আশরাফুলকে নিয়ে সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের টিনশেড ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ও কথাকাটি হতো বলে জানা যায় । গত দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।

নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি দরজা-জানালা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঐ নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।