ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
কালীগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রেজওয়ানা নাহিদ।
কর্মশালার শুরুতে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানা নাহিদ বলেন, "শিক্ষকরা হলেন জাতির কারিগর। প্রাথমিক শিক্ষা হলো প্রতিটি শিশুর শিক্ষার ভিত্তিপ্রস্তর। আপনারা কেবল একটি চাকরিতে যোগ দেননি, বরং একটি আদর্শ ও সৎ জাতি গঠনের মহান দায়িত্ব গ্রহণ করেছেন।" তিনি কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণসহ স্থানীয় শিক্ষক প্রতিনিধি ও সুধীবৃন্দ।
কর্মশালায় উপস্থিত নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, এই আয়োজন ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের উৎসাহমূলক বক্তব্য তাদের পেশাগত পথচলায় প্রেরণা জোগাবে। কর্মশালায় শিক্ষকদের প্রশাসনিক নিয়মকানুন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কালীগঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত