পলাশবাড়ীতে সিলগালা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা একটি বেসরকারি ক্লিনিকে বিপুল পরিমাণ সরকারি ব্যবহৃত ইনজেকশন পাওয়ার অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে এসব ইনজেকশন পাওয়া যায়।
রোববার (২০শে সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের জনসেবা ক্লিনিকে এ অভিযান চালানো হয়। তল্লাশির সময় ক্লিনিকের নিচতলা ও দ্বিতীয় তলায় ব্যবহৃত সেফট্রিয়াক্সন ও ইসোমিপ্রাজল ইনজেকশন পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহমেদ খান এবং পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক ক্লিনিকের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। এ সময় ক্লিনিকে অবস্থানরত নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট কয়েকজন সেখান থেকে সরে যান বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের বলেন,গত বছরের ৪ঠা নভেম্বর ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতীর মৃত্যুর ঘটনার পর জনসেবা ক্লিনিকটি সিলগালা করা হয়েছিল। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে ক্লিনিকটি আবার চালু করার খবর পেয়ে সেখানে গিয়ে সরকারি ওষুধের ইনজেকশন দেখতে পান তিনি।
তবে তল্লাশির সময় ক্লিনিকের মালিককে পাওয়া যায়নি। ক্লিনিকটিতে পাওয়া সরকারি ওষুধগুলো জব্দ না করেই ক্লিনিকটি পুনরায় সিলগালা করা হয়েছে বলে জানা গেছে। ক্লিনিকের স্টোরে আরও অব্যবহৃত সরকারি ওষুধ রয়েছে কি না সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো যাচাই করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ,জনসেবা ক্লিনিক ছাড়াও একই মালিকানাধীন নিউ লাইফ ক্লিনিক এবং নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, সিলগালা করার পরও অনুমতি ছাড়া জনসেবা ক্লিনিকটি পুনরায় চালু করা হলেও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ কার্যকর ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন,সিলগালা করার পর অনুমতি ছাড়া ক্লিনিক চালু করা এবং সরকারি ওষুধ ব্যবহারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি ওষুধ কীভাবে একটি সিলগালা করা বেসরকারি ক্লিনিকে গেল,সেগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ক্লিনিকটি কীভাবে সিলগালা ভেঙে চালু করা হলো,এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।।
পলাশবাড়ীতে সিলগালা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন
📷 ছবি: সংগৃহীত