বিনোদন

স্ত্রীর পর’কী’য়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ

স্ত্রীর পর’কী’য়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে চলমান আলোচনা নতুন মোড় নিয়েছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন সুনীতা। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গোবিন্দ বলেছেন, কেউ তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।

সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, কাউকে বিব্রত করা বা অপদস্থ করা তাঁর স্বভাব নয়। সাত-আট বছর আগেই তিনি এমন পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছিলেন। এখন সবাই যেন একই চক্রে ঘুরপাক খাচ্ছেন। অভিনেতার ভাষায়, “আমার নামের সঙ্গে বদনাম তো বরাবরই জড়িয়ে আছে। বছরের পর বছর মানুষ আমাকে বলেছে, একদিন আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব।”

গোবিন্দের দাবি, তাঁকে ও সুনীতাকে ঘিরে একধরনের খেলা চলছে। তাঁর ধারণা, কেউ সুনীতাকে প্রভাবিত করছেন। তবে এ নিয়ে সরাসরি পাল্টাপাল্টি বক্তব্যে জড়াতে আগ্রহী নন তিনি। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান অভিনেতা।

গোবিন্দ বলেন, যারা সুনীতাকে প্রভাবিত করছেন, তাঁরা ক্লান্ত না হওয়া পর্যন্ত তিনি অভিযোগগুলো এড়িয়ে চলবেন। তাঁর বিশ্বাস, সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারবে যে তিনি সম্মান বজায় রেখেই পরিস্থিতি সামলেছেন। তাঁর কথায়, তিক্ততা দিয়ে কখনো মিষ্টতা তৈরি হয় না।

একই সঙ্গে স্ত্রীর অবদানের কথাও স্বীকার করেছেন গোবিন্দ। তাঁদের মধ্যে মতপার্থক্য থাকলেও সুনীতাকে অসম্মান করতে চান না বলে জানিয়েছেন তিনি।

১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাঁদের দুই সন্তান—মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন সুনীতা। বিশেষ করে গোবিন্দের ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

গত মাসে মুম্বাইয়ের লালবাগচা রাজা মণ্ডপে কোমলের সঙ্গে গোবিন্দকে দেখা যায়। ওই দিন এর আগে সেখানে একাই গিয়েছিলেন সুনীতা। পরে গোবিন্দ ও কোমলকে একসঙ্গে দেখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এরপর কোমলও ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। সেখানে ভাঙা সংসারে কাউকে ‘সংসারভাঙানি’ আখ্যা দেওয়ার বিষয়ে মন্তব্য করেন তিনি। তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি কোমল।