দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। জানা গেছে, এখন তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে না।
ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে তাঁর। শারীরিক অবস্থার উন্নতিতে আশাবাদী লন্ডনের চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।
এদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। প্রিয় দেশ থেকে দূরে থাকলেও আমার মন পড়ে আছে আপনাদের কাছে, নিরাপদ সড়কের আন্দোলনের কাছে। আমার অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।’
দেশে না থাকলেও নিসচার কার্যক্রম বন্ধ থাকবে না উল্লেখ করে সংগঠনটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। তিনি আরও বলেন, ‘নিসচার ইতিহাস ও আদর্শ ধারণ করে তথ্যভিত্তিকভাবে কথা বলতে হবে এবং সড়ক নিরাপত্তার আন্দোলন আরও জোরদার করতে হবে।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর মানুষের জীবন রক্ষার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই আন্দোলন প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে আসছে সংগঠনটি। এর মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। নিসচার দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ধারাবাহিকতায় ২০১৭ সালে সরকার দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে।
লন্ডনে ১৫ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। সে সময় তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অসুস্থ অভিনেতাকে দেখতে তাঁর বাড়িতে ভিড় করেছিলেন শোবিজ অঙ্গনের তারকারা।
ব্রেন টিউমার থেকে সেরে উঠছেন ইলিয়াস কাঞ্চন