জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাঁদের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি করা যাবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। হাজারো মানুষের জীবন উৎসর্গ, অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে নির্বাচন ও সরকারের ক্ষমতায় আসার পথ তৈরি হয়েছে। তাই রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে আহত যোদ্ধাদের প্রতি সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, পরিবারের সহযোগিতা এবং সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। একটি রাজনৈতিক দলের পক্ষে যতটুকু করা সম্ভব, রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগগুলো বর্তমান সরকারকে যথাযথভাবে তদারক করতে হবে।
জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, তাঁরা দেশের বীর। তাঁদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছে। তাঁদের অবদানের ওপর ভর করেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। তাই তাঁদের কখনো ভুলে যাওয়া উচিত নয়।
নাহিদ ইসলাম আরও বলেন, আহতদের অনেকে হয়তো আর কখনো স্বাভাবিক জীবন ফিরে পাবেন না। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে রাষ্ট্রের দায়িত্ব তাঁদের পাশে থাকা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
জুলাই যোদ্ধাদের চিকিৎসায় আমলাতান্ত্রিক জটিলতা যেন বাধা না হয়