নওগাঁয় চোরাই চার্জার অটোরিকশাসহ চোর গ্রেপ্তার:
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
নওগাঁর আত্রাইয়ে বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কের আত্রাই থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চার্জার অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে অটোরিকশাসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, ওই দিন বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় থেকে দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় অটোরিকশাটি চুরি করে নিয়ে আসেন। পরে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের চেকপোস্টে ধরা পড়েন তিনি।
গ্রেপ্তার নাসির উদ্দিন সাগর নাটোর জেলার তেবাড়িয়া গ্রামের মো. ইব্রাহিম হোসেন জাকিরের ছেলে।
পুলিশ অটোরিকশার মালিক নাটোরের নারায়ণকান্দি গ্রামের মো. লালু মিয়াকে খবর দিলে তিনি আত্রাই থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আত্রাই থানার মামলা নম্বর-১৩, তারিখ ১৬ অক্টোবর ২০২৬; দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপরাধ দমন ও যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় একাধিক চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।