ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
গত (বুধবার) পরিচালিত এই অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বেশ কয়েকজন কিশোর-যুবককে সতর্কতামূলক মুচলেকায় অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, দিনব্যাপী এই অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে কালীগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তী ধাপে বারবাজার ইউনিয়নে পরিচালিত অপর এক অভিযানে আরও ১ জনকে আটক করা হয়। একই আদালতের বিচারে তাকেও ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দিন গড়িয়ে সন্ধ্যা নামলে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ স্থান নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠ এবং মিনি স্টেডিয়াম মাঠে অভিযান চালায় আভিযানিক দল। এ সময় মাঠে অবস্থানরত কয়েকজন অল্প বয়সী যুবকের দেহ তল্লাশি করে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়।
তবে আটককৃতদের বয়স বিবেচনা করে এবং তাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আইনগত কঠোর শাস্তির পরিবর্তে তাৎক্ষণিকভাবে তাদের অভিভাবকদের ডেকে আনা হয়। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্ধ্যার পর যেন সন্তানরা অহেতুক বাইরে না থাকে— সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। একইসাথে, ভবিষ্যতে সন্তানকে সঠিকভাবে শাসনের আওতায় রাখার লিখিত মুচলেকা গ্রহণ করে তাদেরকে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে কালীগঞ্জ উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।