ভালুকা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের কৃতী সন্তান হাফেজ মাওলানা মুফতী ইমরান মাজহার। তিনি ওই গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে। নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এ গৌরবজনক পদে নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ভালুকা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন ইমরান মাজহার। এ সময় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
নিজের এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ইমরান মাজহার জানান, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। সরকারি দশম গ্রেডের কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এ অর্জন ত্রিশালের জন্য গর্বের এবং তরুণ আলেমদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
মহান আল্লাহ তাআলা তাঁর ওপর অর্পিত দায়িত্ব আমানতদারির সঙ্গে পালনের তাওফিক দান করুন এবং দ্বীন ও মানবকল্যাণে তাঁর খেদমত কবুল করুন। এমন প্রত্যাশা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা মডেল মসজিদের ইমাম ও খতিব হলেন ত্রিশাল ছলিমপুরের ইমরান মাজহার