যশোর শহরের গরিব শাহ (র.)-এর মাজারের সামনে বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে লীগের সন্ত্রাসীরা। রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয়। ঘটনার দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রচার করেছেন নিষিদ্ধঘোষিত যুবলীগের কয়েক নেতা।
ঘটনা জানার পর সোমবার বেলা ১২টার দিকে যশোর জেলা পুলিশের একটি দল স্মৃতিস্তম্ভে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সিসি টিভি ফুটেজে ঐ এলাকার থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
রোববার খুব সকালে যুবলীগের নামে শহরের মাইকপট্টিতে একটি ঝটিকা মিছিল হয়। এই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের ১৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন বলে পুলিশে দাবি করেছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।
যশোর জুলাই স্মৃতি স্তম্ভে আগুন। অভিযোগের তীর লীগের দিকে