কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ বলেন, “অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। এমন দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতি করে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর রাখব এবং তাদের এই দুর্দিনে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক কিংবা দুর্ঘটনাজনিত যেকোনো দুর্যোগে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এএইচএম আলিম, শাজাহান আলী শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাবুল আক্তার
আগুনে ক্ষতিগ্রস্থ আনোয়ারের বাড়ি পরিদর্শনে বিএনপি নেতা হামিদ।