সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা: নিরপেক্ষ তদন্ত ও গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক চায় সাংবাদিক সংগঠন

সাংবাদিক আলিফ হত্যা: নিরপেক্ষ তদন্ত ও গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক চায় সাংবাদিক সংগঠন


নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা করতে চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।

এ লক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবিরের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনে পুলিশ সুপারের সুবিধাজনক সময়ে মতবিনিময় সভা অথবা সৌজন্য সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক আলিফ। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। আদালত ২০ অক্টোবর তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, সম্ভাব্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রস্তাবিত মতবিনিময় সভায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ময়মনসিংহ অঞ্চল ও নেত্রকোনার সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ প্রায় শতাধিক সাংবাদিক অংশ নিতে আগ্রহী বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির মতে, সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা তাঁর পরিবারের প্রত্যাশা পূরণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষার জন্যও জরুরি।