মেধার স্বীকৃতি ও শিক্ষার নতুন অনুপ্রেরণা ছড়াতে ঝিনাইদহের মহেশপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘শহিদুল ইসলাম ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬’।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোছাঃ জাহানারা নাজনীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, "মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। মেধার সঠিক স্বীকৃতি এবং অনুপ্রেরণা তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস জোগাবে। শিক্ষার আলোয় একটি সুশিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
অনুষ্ঠানের সভাপতি মোছাঃ জাহানারা নাজনীন জানান, শহিদুল ইসলাম ফাউন্ডেশন সবসময় শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উৎসাহমূলক সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মহেশপুরে শহিদুল ইসলাম ফাউন্ডেশনে কৃতি শিক্ষার্থী সম্বোধনা ২০২৬ অনুষ্ঠিত