সারাদেশ

কোম্পানীগঞ্জে সৈয়দিয়া আজগর আলি দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কোম্পানীগঞ্জে সৈয়দিয়া আজগর আলি দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাবেক ছাত্র পরিষদের উদ্যোগে নবগঠিত কমিটির সদস্যদের বরণ, উপস্থিত ছিলেন তিন শতাধিক অতিথি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দিয়া হাফেজ আজগর আলী দাখিল মাদ্রাসায় শিক্ষক বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাবেক ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ছাত্র পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া মাদ্রাসার চারজন সম্মানিত শিক্ষককে বিশেষ সম্মাননা, ক্রেস্ট, উপহারসামগ্রী, নগদ অর্থ ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়। একই সঙ্গে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, বিশেষ মেধাবী ছাত্রছাত্রী এবং জেলা পর্যায়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও বিশেষ উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া সাবেক ছাত্র পরিষদের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

সাবেক শিক্ষার্থী ও পরিষদের সভাপতি নজরুল ইসলাম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ও ২০০১ ব্যাচের শিক্ষার্থী মাওলানা নুর উদ্দিন মুহাদ্দিস। বক্তব্য দেন মাদ্রাসার আইসিটি শিক্ষক ও ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল আজাদ, ২০০৪ ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেন রাজুসহ অন্যরা।

সংগঠনের ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মাওলানা মনির উদ্দিন ও ২০০৬ ব্যাচের শিক্ষার্থী ইয়াকুব হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে মাদ্রাসার প্রবীণ ও নবীন শিক্ষক, সাবেক ছাত্র পরিষদের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদসহ প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ গড়ার প্রধান কারিগর। তাঁদের নিরলস শ্রম, ত্যাগ ও সঠিক দিকনির্দেশনায় শিক্ষার্থীরা জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় শিক্ষকদের অবদান অপরিসীম। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা প্রবীণ শিক্ষকদের অবদান মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাবেক শিক্ষার্থীরা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁরা আরও বলেন, সাবেক ছাত্র পরিষদের এ ধরনের উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি প্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নতুন প্রজন্মকে ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সাবেক ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদায়ী চারজন শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট, স্মারক উপহার, নগদ অর্থ ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মেধার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মেধাবীদের স্বীকৃতি এবং সাবেক শিক্ষার্থীদের ঐক্যের বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।