সারাদেশ

নোয়াখালী সদর হাসপাতালে অ্যান্টিভেনম নেই,সাপে কাটা রোগীর পরিবারে ক্ষোভ

নোয়াখালী সদর হাসপাতালে অ্যান্টিভেনম নেই,সাপে কাটা রোগীর পরিবারে ক্ষোভ

নোয়াখালী সদর হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকার অভিযোগ উঠেছে। গতকাল রাতে মো. ইফাত হোসেনকে সাপে কামড়ানোর পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই।

পরিবারের দাবি, রক্ত জমাট বাঁধার পরীক্ষার ফলাফলের অপেক্ষার পর চিকিৎসকেরা তাঁকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ সময় অ্যান্টিভেনমের বিষয়ে জানতে চাইলে হাসপাতালে তা নেই বলে জানানো হয়। পরে চিকিৎসকেরা বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ পাওয়া যায়নি বলে জানান। বর্তমানে ইফাত সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইফাতের বড় ভাই বলেন, “আল্লাহর রহমতে আমার ভাই সুস্থ আছে। কিন্তু বিষাক্ত সাপের কামড় হলে অন্য হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটতে পারত। তখন দায়ভার কে নিত?”

নোয়াখালী সদর হাসপাতালে সাপে কাটা রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করতে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবার। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।