খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
📷 ছবি: সংগৃহীত
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে নগরীর সদর থানাধীন খানজাহান আলী রোডে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম খুলনা জেলা পুলিশের এ-সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। জানা গেছে, ঘটনার রাতে রূপসা থানায় একটি বিশেষ অভিযান শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন। কলেজিয়েট গার্লস স্কুলের সামনে পৌঁছালে তিন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
খুলনা সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
একজন পুলিশ কর্মকর্তার ওপর এমন হামলার ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।