সারাদেশ

কোম্পানীগঞ্জে ১৫০ প্রতিবন্ধীর মাঝে ‘আশার আলো’র খাদ্যসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জে ১৫০ প্রতিবন্ধীর মাঝে ‘আশার আলো’র খাদ্যসামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় ১৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন ‘আশার আলো কল্যাণ সংস্থা’।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বোরহান উদ্দিন। এতে সভাপতিত্ব করেন আশার আলো কল্যাণ সংস্থার চেয়ারম্যান জসিম উদ্দিন। সার্বিক পরিচালনায় ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিক উল্লাহ।

এ সময় সংস্থার কোষাধ্যক্ষ প্রফেসর সোহাগ, পরিচালক জাফর ইমাম কমল, আতাউর হোসেন পাবেল, মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত ও আহসান উল্লাহ মানিকসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মাসুদুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চাপরাশিরহাট, কবিরহাট, নোয়াখালী সদর ও বসুরহাটে প্রকল্প কার্যালয়ের আওতাধীন বিভিন্ন এলাকায় সংস্থাটি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ‘আশার আলো কল্যাণ সংস্থা’ (রেজি. নং- ৮০৯/১৩ নোয়া; এনজিও ব্যুরো রেজি. নং- ৩০৭১/২০১৭) একটি সমাজসেবামূলক সংগঠন। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।