সারাদেশ

ত্রিশালে প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেল ভুক্তভোগী পরিবার

ত্রিশালে প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেল ভুক্তভোগী পরিবার
ত্রিশালে আদালতের নির্দেশে প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিনের দখলবিরোধের অবসান ঘটিয়ে ১৬ শতাংশ পৈতৃক জমির দখল ফিরে পেয়েছেন প্রকৃত মালিক মো. রফিকুল ইসলাম ও তাঁর স্বজনরা।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহের আদালতের মামলা নম্বর ০২/২০২৬-এর আদেশের পরিপ্রেক্ষিতে জমিটি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। জমিটি ত্রিশাল মৌজার বিআরএস ৯৩ নম্বর খতিয়ানের ১৫৬৯ নম্বর দাগে অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও ত্রিশাল থানা পুলিশের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করেন। এ সময় জমির দখল প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং জমিতে আইনি নোটিশসংবলিত একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, পিতা মৃত মৌলভী আফছর উদ্দিন। তাঁর পৈতৃক সূত্রে বৈধ মালিকানাধীন ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রফিকুল ইসলামের অভিযোগ অনুযায়ী, তাঁর ভাতিজা আব্দুল কুদ্দুস (৭০), হারুনুর রশিদ (৬০), মামুনার রশিদ ওরফে দুলু (৫০), সাইফুল ইসলাম (৪৫) ও মনির হোসেন (৩৫) জমিটি অবৈধভাবে দখলে রেখেছিলেন। এ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হলে দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে আদালত রফিকুল ইসলাম গংয়ের পক্ষে আদেশ দেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে প্রশাসন জমির দখল বুঝিয়ে দেয়।

জমি ফিরে পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রতিনিধি দল ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় তাঁরা তাঁদের পৈতৃক জমি বুঝে পেয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগিতাকারী সবার প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশে আইনের শাসন আছে বলেই সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি