শিক্ষা

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত, অংশ নিল শতাধিক শিক্ষার্থী

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত, অংশ নিল শতাধিক শিক্ষার্থী
📷 ছবি: সংগৃহীত
যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত, অংশ নিল শতাধিক শিক্ষার্থী

যবিপ্রবি প্রতিনিধি:সুবর্ণা বেগম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে যশোর শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, বৃক্ষরোপণ, স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা, ইনোভেশন প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র‍্যালির শুরুতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অভিনু কিবরিয়া ইসলাম এবং অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে যশোর শহরের একাধিক স্কুল থেকে ১০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। র‍্যালি শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীরা এতে অংশ নেন। অণুজীবের সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্যের আন্তঃসম্পর্ক সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই কর্মসূচিতে বৃক্ষরোপণকে অন্তর্ভুক্ত করা হয়।

বৃক্ষরোপণ শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা, ইনোভেশন প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য, কৃষি ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও সৃজনশীলতা তুলে ধরে।

অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার কর্মসূচি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা ও নিরবচ্ছিন্ন উৎসাহ এ আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অণুজীবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানবদেহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা অপরিহার্য। জীবনের অস্তিত্ব ও সুস্থতা বজায় রাখতে উপকারী অণুজীবের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্ষতিকর অণুজীব প্রতিরোধেও প্রয়োজন যথাযথ প্রস্তুতি ও সচেতনতা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি অণুজীব সম্পর্কে সঠিক ধারণা অর্জনের পাশাপাশি ক্ষতিকর অণুজীব প্রতিরোধে আগাম সচেতন হওয়ার এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, মানবস্বাস্থ্য, কৃষি, খাদ্য, পরিবেশ ও শিল্পসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে অণুজীবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে অণুজীববিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অণুজীব, পরিবেশ ও জীববৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিরও উদ্যোগ নেওয়া হয়।

দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজ্ঞানচর্চা, পরিবেশ সচেতনতা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের সমন্বয়ে আন্তর্জাতিক অণুজীব দিবসের আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।