ইবিতে চার প্রশাসনিক পদে নতুন নিয়োগ
ওসমানগণি, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারটি প্রশাসনিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, টিএসসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর রহমান, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ ও সেন্ট্রাল ল্যাবের পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন ভুঁইয়া নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে তাদেরকে নিয়োগ দেন।
পূর্বে আইসিটি সেলের পরিচালক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী ও টিএসসির পরিচালক পদে ড. জাকির হোসেন, সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক পদে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, প্রেস প্রশাসক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মফিজুল ইসলাম- দায়িত্ব পালন করেন।
অফিস আদেশে বলা হয়, ১৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইসিটি সেলের পরিচালক হিসেবে অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ১৯ অক্টোবর অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত টিএসসির পরিচালক হিসেবে অধ্যাপক ড. মঞ্জুর রহমান, ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেস প্রশাসক হিসেবে অধ্যাপক ড. গাজী মাহবুর মুর্শিদ ও ১৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভুঁইয়া দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী তারা সুযোগ-সুবিধা পাবেন৷
অন্যদিকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।