কালীগঞ্জে পরোয়ানা ভুক্ত নারী আসামী গ্রেফতার মাদক মামলায় একজনের কারাদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এক ব্যক্তিকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রত্না বেগম (স্বামী হাসান কালু) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার আড়পাড়া নদীপাড়া এলাকার বাসিন্দা। এএসআই (নিঃ) এসএম সোহাগ সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, একই দিন কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তির ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়া যায়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. টুটুল হোসেন (৩৮)। তিনি কালীগঞ্জ উপজেলার শিবনগর খালপাড়া এলাকার মৃত ইসরাইল হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬/২১ অনুযায়ী তাঁকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।